গীতিকবিতা

গানের পাখি

শ্যা ম ল  কু মা র  ম ন্ড ল 

গানের পাখি উড়ে গেছে 
             বানীর ঝাঁপি নিয়ে 
সুরগুলি দিকভ্রান্ত আমার 
              আশ্রয় হারিয়ে।।

আমার এই গানের পাখি 
             ছন্দ দিতো তালে;
কথার পিঠে বুনতো কথা 
             নিপুণ মায়াজালে।
সেই মায়াতে জড়িয়ে যেতো 
             রাগরাগিনীর ঢেউ;
আজকে তারা নিস্তরঙ্গ 
              সুর তোলে না কেউ।
শব্দবিহীন গানের তরী 
               যায় না ঘাট ছাড়িয়ে 
সুরগুলি দিকভ্রান্ত আমার 
                আশ্রয় হারিয়ে।।

কথার ফাঁদে, সুরের ছাঁদে 
               তৈরি হতো গান,
কাটাছেঁড়ার বোঝাপড়ায় 
                মিলতো প্রাণে প্রাণ।

আজ বোঝাপড়া মিলিয়ে গেল 
                 কথায় পড়লো ইতি;
সুরের পাখি পথ হারিয়ে 
                  উড়ছে ইতিউতি।
কোনখানে ঠাঁই মিলবে সুরের 
                  একতারাটি নিয়ে 
সুরগুলি দিকভ্রান্ত আমার 
                   আশ্রয় হারিয়ে।।






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পঞ্চম বর্ষ || প্রথম ওয়েব সংস্করণ || শারদ সংখ্যা || ১১ কার্তিক ১৪৩২ || ২৯ অক্টোবর ২০২৫

চতুর্থ বর্ষ || চতুর্থ ওয়েব সংস্করণ || বাদল সংখ্যা || ১২ শ্রাবণ ১৪৩২ || ২৯ জুলাই ২০২৫

কবিতা